অধ্যায়

দৈনিক কাজ

ডেলিভারি ম্যানের দিন (মোবাইলে)

ডেলিভারি ম্যান ফোনে কীভাবে কাজ করবেন — সকালে লগইন, প্রতিটি ডেলিভারিতে বিক্রি তোলা, পথে বাকী আদায় ও খরচ, দিনশেষে জমা মিলিয়ে ক্লোজ; আর মালিক/ম্যানেজার কীভাবে তাঁদের কাজ দেখবেন

যাদের জন্য:ডেলিভারি ম্যানম্যানেজারমালিক

এই অধ্যায়ে

ডেলিভারি ম্যানরা সারাদিন ভ্যান বা রিকশায় সিলিন্ডার পৌঁছে দেন। GasDesk ফোনের ব্রাউজারেই চলে, তাই প্রতিটি ডেলিভারি সাথে সাথে তুলে রাখা যায় — দিনশেষে কাগজ মেলানোর ঝামেলা থাকে না।

ফোনে নতুন বিক্রি
ফোনে নতুন বিক্রি

প্রথমবার ফোনে চালু করা

  1. মালিক সেটিংস → কর্মী থেকে আপনার মোবাইল নম্বর দিয়ে ডেলিভারি ম্যান পদে লগইন খুলে দেন আর পাসওয়ার্ড জানান।
  2. ফোনের Chrome-এ GasDesk-এর ঠিকানা খুলে মোবাইল নম্বর আর পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করুন।
  3. Chrome-এর মেনু (⋮) থেকে Add to Home screen চাপুন — হোম স্ক্রিনে GasDesk-এর আইকন আসবে, পরের বার এক চাপেই খুলবে।
  4. চাইলে ওপরের EN | বাং দিয়ে ভাষা বেছে নিন।

ফোনে নিচে চারটি বোতাম: হোম, নতুন বিক্রি, দৈনিক হিসাব, বাকী। বাকি সব আরও-তে।

প্রতিটি ডেলিভারিতে

ক্রেতার বাসায় সিলিন্ডার দিয়ে টাকা নেওয়ার সাথে সাথে নতুন বিক্রি খুলুন:

  1. ক্রেতার মোবাইল নম্বরের প্রথম কয়েকটা অঙ্ক লিখুন — পুরনো ক্রেতা হলে নাম চলে আসবে, চাপুন। আগের বাকী থাকলে সাথে সাথে দেখা যায়।
  2. সিলিন্ডারের বোতাম চাপুন, রিফিল/প্যাকেজ ঠিক করুন।
  3. কোন ব্র্যান্ডের খালি ফেরত পেলেন তা দেখে নিন — অন্য ব্র্যান্ডের খালি হলে ফেরত খালি সিলিন্ডার বদলে দিন।
  4. তলা লিখুন, তলা চার্জ নিজে বসবে।
  5. পুরো টাকা পেলে সরাসরি ✔ বিক্রি সংরক্ষণ। কম পেলে নগদ জমা ঘরে যত পেলেন তা লিখুন — বাকিটা ক্রেতার বাকীতে যাবে।

পুরো নিয়ম নতুন বিক্রি অধ্যায়ে।

ভুল করবেন না: দোকানে ফিরে একসাথে সব বিক্রি তুলবেন না। তখন ক্রেতার নাম, ফেরত খালি আর তলা ভুলে যাওয়া সহজ। প্রতিটি ডেলিভারি সাথে সাথেই তুলুন।

পথে বাকী আদায়

কোনো ক্রেতা পুরনো বাকী দিলে নিচের বাকী বোতাম চাপুন:

ফোনে বাকীর তালিকা
ফোনে বাকীর তালিকা
  1. ওপরের খোঁজার ঘরে নাম, মোবাইল বা ঠিকানা লিখুন।
  2. ক্রেতার লাইনে আদায় চাপুন।
  3. টাকার পরিমাণ লিখে জমা নিন চাপুন।

আদায়ের টাকা আপনার আজকের শিটে "বাকী আদায়" ঘরে যোগ হয় আর জমা বাড়ে। বিস্তারিত কাস্টমার ও বাকী অধ্যায়ে।

পথের খরচ

ভ্যানের তেল, নাস্তা, মজুরির মতো খরচ দৈনিক হিসাব খুলে অন্যান্য ব্যয় অংশে খাত আর টাকা লিখে খরচ যোগ চাপুন। খরচ জমা থেকে বাদ যায়।

দিনশেষে জমা ও ক্লোজ

ফোনে দৈনিক হিসাব
ফোনে দৈনিক হিসাব
  1. দৈনিক হিসাব খুলুন। ওপরের বাক্সের ৭ নম্বর ঘর মোট জমা (৪−৫−৬) = যত টাকা আপনাকে জমা দিতে হবে।
  2. পকেটের টাকা গুনে হাতে গোনা টাকা ঘরে লিখুন। কম-বেশি হলে সাথে সাথে দেখা যায়; কোনো বিক্রি বা খরচ বাদ পড়েছে কি না দেখে নিন।
  3. মিলে গেলে 🔒 দিন ক্লোজ চাপুন আর টাকা ম্যানেজারকে বুঝিয়ে দিন।

ক্লোজের পর আজকের হিসাব আর বদলানো যায় না। ভুল থাকলে ম্যানেজারকে বলুন — তিনি দিনটি আবার খুলে দেবেন (দৈনিক হিসাব)।

মালিক/ম্যানেজার কীভাবে দেখবেন

  • দৈনিক হিসাব পাতায় কর্মী ঘর থেকে যেকোনো ডেলিভারি ম্যানকে বেছে তাঁর আজকের শিট দেখুন — কোন ক্রেতাকে কী দিলেন, কত আদায় করলেন।
  • রিপোর্ট → বিক্রির রিপোর্ট-এর কর্মী অনুযায়ী টেবিলে প্রত্যেক ডেলিভারি ম্যানের বিক্রি, নগদ, বাকী আর কমিশন পাশাপাশি দেখা যায় (রিপোর্ট)।
  • রিপোর্ট → দৈনিক জমা-তে প্রত্যেকের প্রতিদিনের জমা আর হাতে গোনা টাকার পার্থক্য।
  • ডেলিভারি ম্যান কাগজে লিখে রাখলে বা ফোন না থাকলে, ম্যানেজার নতুন বিক্রি-তে বিক্রেতা (ডেলিভারি ম্যান) বেছে তাঁর নামে তুলে দিতে পারেন (পুরনো কাগজের শিট তোলা)।