দৈনিক কাজ
নতুন বিক্রি
কাগজের শিটের একটি লাইন — ক্রেতা, রিফিল না প্যাকেজ, অন্য ব্র্যান্ডের খালি ফেরত, তলা চার্জ, কমিশন, নগদ ও বাকী, রসিদ আর ভুল বিক্রি বাতিল
যাদের জন্য:মালিকম্যানেজারডেলিভারি ম্যান
এই অধ্যায়ে
GasDesk-এ একটি বিক্রি মানে কাগজের "দৈনিক বিক্রয় রিপোর্ট"-এর একটি লাইন: কে নিল, কোন সিলিন্ডার কয়টা, কয়টা খালি ফেরত দিল, তলা চার্জ, কমিশন, কত নগদ দিল আর কত বাকী রইল। মেনু থেকে নতুন বিক্রি খুলুন (ফোনে নিচের বারে)।

ধাপে ধাপে একটি বিক্রি
- ক্রেতা: মোবাইল নম্বর বা নাম লিখুন। ৩ অক্ষর লিখলেই পুরনো কাস্টমারের তালিকা আসে; সঠিক জনকে চাপুন। আগের বাকী থাকলে লাল দাগে দেখায়, আর হলুদ লেখায় "আগের বাকী: ৳…"।
- নতুন ক্রেতা হলে বাড়ি/দোকানের নাম, ঠিকানা আর ক্রেতার ধরন (বাসা / দোকান / প্রতিষ্ঠান) দিন। নগদ বিক্রিতে ক্রেতার নাম না দিলেও চলে।
- গ্যাসের বিবরণ: ব্র্যান্ড আর কেজি লেখা বোতামে চাপুন, যেমন Bex ১২ কেজি। একটি লাইন যোগ হয়।
- লাইনে রিফিল না প্যাকেজ বাছাই করুন, পরিমাণ ঠিক করুন। দাম শাখার দামের তালিকা থেকে নিজে বসে; দরকার হলে বদলান।
- রেগুলেটর, পাইপের মতো জিনিস বিক্রি করলে নিচের অন্যান্য বিক্রি থেকে + রেগুলেটর ইত্যাদি চাপুন।
- তলায় তুলে দিলে তলা লিখুন — তলা চার্জ নিজে বসে যায়।
- নিচের মোট বিল দেখে নগদ জমা ঠিক করুন, তারপর ✔ বিক্রি সংরক্ষণ চাপুন।
সংরক্ষণের পর ✅ চিহ্নের সাথে ইনভয়েস নম্বর, মোট আর বাকী দেখায়। সেখান থেকে ➕ আরেকটি বিক্রি, 🧾 রসিদ বা 📋 দৈনিক হিসাব খোলা যায়।
রিফিল না প্যাকেজ
| ধরন | কখন | স্টকে কী হয় |
|---|---|---|
| রিফিল | ক্রেতা নিজের খালি সিলিন্ডার দিয়ে ভরা নেন; শুধু গ্যাসের দাম | ভরা ১টি কমে, খালি ১টি বাড়ে |
| প্যাকেজ | ক্রেতা সিলিন্ডারসহ নতুন নেন (প্রথমবার) | ভরা ১টি কমে, কোনো খালি আসে না |
| অন্যান্য | রেগুলেটর, পাইপ, চুলা ইত্যাদি | সেই পণ্যের স্টক কমে |
দোকানে যতটি ভরা সিলিন্ডার আছে তার বেশি বিক্রি করা যায় না। তখন দেখায় যেমন "Bex ১২ কেজি: স্টকে ভরা আছে ২টি, লাগবে ৩টি — আগে স্টক যোগ করুন"। আগে ক্রয় বা ট্রান্সফার তুলুন।
অন্য ব্র্যান্ডের খালি ফেরত
রিফিলে ক্রেতা অনেক সময় অন্য ব্র্যান্ডের খালি দেন — যেমন Bex-এর ভরা নিয়ে Omera-র খালি দিলেন। প্রতিটি সিলিন্ডার লাইনের নিচে ধূসর ঘরে:
- ফেরত খালি সিলিন্ডার: কোন সিলিন্ডারের খালি এল। নিজে থেকে একই সিলিন্ডার বাছাই থাকে; ওপরে একই সাইজের অন্য ব্র্যান্ডগুলো থাকে।
- ফেরত সংখ্যা: কয়টা খালি এল। রিফিলে পরিমাণের সমান বসে থাকে; প্যাকেজে ০।
ক্রেতা খালি না দিলে বা কম দিলে সংখ্যাটা কমিয়ে দিন। যে ব্র্যান্ডের খালি এসেছে, স্টকে সেই ব্র্যান্ডের খালি বাড়ে। জমে যাওয়া অন্য ব্র্যান্ডের খালি পরে অন্য ডিলারের সাথে বদল করা যায় — খালি বদল দেখুন।
তলা চার্জ
তলা ঘরে তলার নম্বর লিখলে শাখার নিয়মে তলা চার্জ বসে: "প্রতি তলা ৳20" হলে ৫ তলায় ৳100, আর "ফ্ল্যাট" হলে নিচতলার ওপরে যেকোনো তলায় একই টাকা। বিশেষ ক্ষেত্রে তলা চার্জের ঘরে হাতে টাকা বদলে দিন। তলা চার্জ মোট বিলে যোগ হয়। নিয়ম ঠিক করা হয় শাখার পাতায়।
কমিশন
হোটেল, রেস্টুরেন্ট বা প্রতিষ্ঠানের যে লোক গ্যাস কেনেন তাঁকে অনেক সময় কমিশন দিতে হয়। কমিশন (প্রতিষ্ঠানকে দেওয়া) ঘরে টাকা লিখুন।
- কমিশন বিল কমায় না। এটা ক্রেতার দেওয়া নগদ থেকে হাতে দেওয়া হয়, তাই দিনশেষের জমা থেকে বাদ যায়। নিচে লেখা ওঠে "কমিশন ৳… ক্যাশ থেকে দেওয়া হবে — জমা থেকে বাদ যাবে।"
- নগদ জমার চেয়ে বেশি কমিশন দেওয়া যায় না।
- পুরো বাকী বিক্রিতে কমিশন দেওয়া যায় না — দেখায় "বাকী বিক্রিতে কমিশন দেওয়া যায় না — দাম কমিয়ে দিন"।
নগদ ও বাকী
নগদ জমা ঘরে নিজে থেকে পুরো বিল বসানো থাকে (পুরো নগদ)।
- ক্রেতা কিছু টাকা দিলেন, বাকিটা পরে দেবেন: নগদ জমার ঘরে যত পেলেন তা লিখুন। বাকী লাল রঙে দেখায়।
- পুরো বাকী: পুরো বাকী চাপুন। আবার পুরো নগদে ফিরতে পুরো নগদ।
- বাকী বিক্রিতে কাস্টমারের নাম বা মোবাইল লাগবেই — না দিলে দেখায় "বাকী বিক্রিতে কাস্টমারের নাম/মোবাইল লাগবে"।
বাকী টাকা কাস্টমারের খতিয়ানে যোগ হয়। পরে আদায় হলে বাকী আদায় করুন।
ভুল করবেন না: নগদ জমা বিলের বেশি লেখা যায় না। ক্রেতা আগের বাকীও দিলে সেটা এই বিক্রিতে নয়, বাকী পাতা থেকে আলাদা আদায় হিসেবে তুলুন — তাহলে দিনশেষের হিসাবে "বাকী আদায়" ঘরে ঠিকমতো আসে।
পুরনো কাগজের শিট তোলা
মালিক আর ম্যানেজারের পাতার ওপরে দুটি বাড়তি ঘর থাকে: তারিখ আর বিক্রেতা (ডেলিভারি ম্যান)। কাগজের পুরনো শিট তুলতে আগের তারিখ আর যে ডেলিভারি ম্যান বিক্রি করেছিলেন তাঁকে বাছাই করুন। বিক্রিটা তখন সেই দিনের, সেই মানুষের হিসাবে যায়। আগামী তারিখ দেওয়া যায় না, আর ক্লোজ করা দিনে নতুন বিক্রি তোলা যায় না।
ডেলিভারি ম্যান এই ঘর দুটি দেখেন না — তাঁর সব বিক্রি সব সময় "আমি, আজ"।
রসিদ

🧾 রসিদ ৮০ মিমি থার্মাল প্রিন্টারের মাপে খোলে (A4-এ বা PDF হিসেবেও প্রিন্ট করা যায়)। ওপরে প্রতিষ্ঠান ও শাখার নাম-ঠিকানা, ইনভয়েস নম্বর, ক্রেতা, সিলিন্ডার, ফেরত খালি, তলা চার্জ, মোট, নগদ আর বাকী; নিচে রসিদের নিচের লেখা। প্রিন্ট চাপুন।
ইনভয়েস নম্বর হয় শাখার কোড-তারিখ-ক্রম, যেমন 1-261016-007 = শাখা ১, ১৬ অক্টোবর ২০২৬-এর ৭ নম্বর বিক্রি। পুরনো বিক্রির রসিদ দৈনিক হিসাব পাতার প্রতিটি লাইনের নিচের 🧾 রসিদ লিংক থেকে আবার প্রিন্ট করা যায়।
ভুল বিক্রি বাতিল
ভুল বিক্রি মোছা যায় না, বাতিল করা হয় — লাইনটা রেকর্ডে থাকে, কিন্তু স্টক আর বাকী আগের অবস্থায় ফেরে।
- দৈনিক হিসাব খুলে বিক্রির লাইনের নিচে বাতিল চাপুন।
- বাতিলের কারণ লিখে OK চাপুন।
- ডেলিভারি ম্যান শুধু নিজের বিক্রি, আর দিন ক্লোজের আগে বাতিল করতে পারেন।
- দিন ক্লোজ হয়ে গেলে কেউ বাতিল করতে পারেন না — আগে ম্যানেজার/মালিক দিনটি আবার খুলুন (দেখুন দৈনিক হিসাব)।
- বাকী বিক্রির টাকা আদায় হয়ে গিয়ে থাকলে দেখায় "এই বাকীর ৳… আদায় হয়ে গেছে — আগে সেই আদায় মুছুন"।
তারপর সঠিক বিক্রিটা আবার তুলুন।