অধ্যায়

শুরু করুন

শুরু করুন

GasDesk কী, কীভাবে লগইন করবেন, পর্দায় কোথায় কী আছে, হোম পাতা, ভাষা ও শাখা বদলানো, পাসওয়ার্ড, কোন পদে কী দেখা যায় আর ফ্রি ট্রায়াল খোলা

যাদের জন্য:মালিকম্যানেজারডেলিভারি ম্যান

এই অধ্যায়ে

GasDesk এলপিজি সিলিন্ডার ডিলারদের হিসাবের সফটওয়্যার। দোকানের কাগজের "দৈনিক বিক্রয় রিপোর্ট"-এ যা লেখা হয় — কোন ক্রেতা কোন সিলিন্ডার রিফিল বা প্যাকেজ নিল, কয়টা খালি ফেরত দিল, তলা চার্জ, কমিশন, বাকী, বাকী আদায়, খরচ আর দিনশেষের জমা — সবই এখানে মোবাইল বা কম্পিউটার থেকে তোলা যায়। ভরা আর খালি সিলিন্ডারের স্টক নিজে নিজেই হিসাব হয়।

পুরো নির্দেশিকায় উদাহরণ হিসেবে ডেমো প্রতিষ্ঠান মাতুয়াইল এলপিজি সেন্টার ব্যবহার করা হয়েছে: দুইটি শাখা (মাতুয়াইল ও যাত্রাবাড়ী), মালিক হাজী আবদুল হালিম, ম্যানেজার রাজন মিয়া, ডেলিভারি ম্যান করিম শেখ ও সোহেল রানা।

লগইন

GasDesk ব্রাউজারে চলে — ফোনে Chrome, কম্পিউটারে Chrome বা Edge সবচেয়ে ভালো। আলাদা কোনো অ্যাপ ইনস্টল করতে হয় না।

লগইন পাতা
লগইন পাতা
  1. ব্রাউজারে আপনার GasDesk-এর ঠিকানা খুলে লগইন পাতায় যান।
  2. মোবাইল নম্বর ঘরে ১১ সংখ্যার নম্বর লিখুন, যেমন 01XXXXXXXXX।
  3. পাসওয়ার্ড লিখে সাইন ইন চাপুন।

লগইনের পর সবাই হোম পাতায় যান। কারও লগইন মালিক নিজে সেটিংস → কর্মী পাতা থেকে খুলে দেন (প্রতিষ্ঠান সাজানো দেখুন)।

লগইন পাতার ওপরে ডান কোণে EN | বাং বোতাম আছে, লগইনের আগেই ভাষা বেছে নিতে পারেন।

পর্দার কোথায় কী

হোম পাতা (মালিক)
হোম পাতা (মালিক)

বাঁ পাশের মেনু (কম্পিউটারে): ওপরে প্রতিষ্ঠানের নাম, তার নিচে চার ভাগে মেনু — দৈনিক কাজ (হোম, নতুন বিক্রি, দৈনিক হিসাব, বাকী, কাস্টমার), স্টক, রিপোর্ট আর সেটিংস। আপনার পদের অনুমতি নেই এমন মেনু দেখাবেই না; প্ল্যানে নেই এমন মডিউলও লুকানো থাকে।

ওপরের বার, বাঁ থেকে ডানে:

  • সাহায্য (প্রশ্নবোধক চিহ্ন): যে পাতায় আছেন, সেই পাতার নির্দেশিকা নতুন ট্যাবে খোলে। অর্ধেক লেখা বিক্রি তাই হারায় না।
  • EN | বাং: ভাষা বদলানোর বোতাম।
  • শাখার নাম। মালিকের একাধিক শাখা থাকলে এখানে শাখা বাছাইয়ের ড্রপ-ডাউন থাকে।
  • আপনার নাম আর পদ (মালিক / ম্যানেজার / ডেলিভারি ম্যান)।
  • চাবির আইকন: নিজের পাসওয়ার্ড বদলানো।
  • দরজার আইকন: সাইন আউট। অন্যের ফোন বা কম্পিউটার ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চাপুন।

ফোনে বাঁ পাশের মেনু থাকে না। তার বদলে নিচে চারটি বড় বোতাম থাকে — হোম, নতুন বিক্রি, দৈনিক হিসাব, বাকী — আর আরও চাপলে পুরো মেনু খোলে।

ফোনে হোম পাতা (ডেলিভারি ম্যান)
ফোনে হোম পাতা (ডেলিভারি ম্যান)

হোম পাতা

হোম পাতায় প্রতিটি শাখার আজকের আর এ মাসের হিসাব পাশাপাশি দেখা যায়:

ঘরমানে
আজ বিক্রিআজকের মোট বিল আর কয়টি বিক্রি
আজ মোট ক্যাশক্যাশ বিক্রি + অন্যান্য বিক্রি + বাকী আদায়
আজ জমা হবেমোট ক্যাশ থেকে কমিশন আর খরচ বাদ দিয়ে যা জমা দিতে হবে
আজ বাকী বিক্রিআজ যত টাকা বাকীতে গেছে
এ মাসে বিক্রি / এ মাসে আদায়মাসের শুরু থেকে আজ পর্যন্ত
মোট বাকী (শাখা)এই শাখার কাস্টমারদের কাছে এখন মোট পাওনা
সিলিন্ডার স্টকশাখায় এখন কয়টি ভরা আর কয়টি খালি সিলিন্ডার আছে

মালিক সব শাখা দেখেন, ম্যানেজার শুধু নিজের শাখা। ডেলিভারি ম্যান দেখেন শুধু আপনার হিসাব — নিজের বিক্রি, নিজের আদায়, নিজের জমা।

আগের কোনো দিনের হিসাব কেউ ক্লোজ না করলে কমলা লেখায় দেখায় "আগের ৩টি দিনের হিসাব এখনো ক্লোজ হয়নি" আর পাশে দৈনিক জমা দেখুন লিংক। কী করবেন তা আছে দৈনিক হিসাব ও দিন ক্লোজ অধ্যায়ে।

কোন পদে কী করা যায়

GasDesk-এ তিন রকম পদ:

কাজমালিকম্যানেজারডেলিভারি ম্যান
নতুন বিক্রি, বাকী আদায়, খরচ, নিজের দিন ক্লোজ✓✓✓ (শুধু আজ, শুধু নিজের)
অন্য কর্মীর বা আগের দিনের হিসাব তোলা✓✓ (নিজের শাখা)—
ক্লোজ করা দিন আবার খোলা✓✓ (নিজের শাখা)—
ক্রয়, ট্রান্সফার, খালি বদল, স্টক গণনা✓✓—
ক্রয় ও স্টক সমন্বয় মোছা✓——
শাখার দাম, নিজের শাখার তলা চার্জ✓✓—
লাভ-ক্ষতি রিপোর্ট✓✓—
ব্র্যান্ড ও পণ্য, শাখা, কর্মী, প্রতিষ্ঠান ও লাইসেন্স, অনলাইন পেমেন্ট, ব্যাকআপ, অডিট লগ✓——

ম্যানেজার নিজেও বিক্রি বা ডেলিভারি করতে পারেন। একই মানুষ ম্যানেজার আর ডেলিভারি ম্যান দুটোই হলে তাঁকে শুধু ম্যানেজার পদ দিন।

ভাষা আর শাখা বদলানো

  • ভাষা: ওপরের EN | বাং চাপলেই সব লেখা বাংলা বা ইংরেজি হয়ে যায়। প্রতিষ্ঠানের ডিফল্ট ভাষা মালিক প্রতিষ্ঠান ও লাইসেন্স পাতায় ঠিক করেন; প্রত্যেকের নিজের ভাষা কর্মী পাতা থেকেও দেওয়া যায়।
  • শাখা: মালিকের একাধিক শাখা থাকলে ওপরের ড্রপ-ডাউন থেকে শাখা বাছাই করুন। নতুন বিক্রি, দৈনিক হিসাব, স্টক আর ক্রয় তখন সেই শাখার হয়। ম্যানেজার আর ডেলিভারি ম্যান সব সময় নিজের শাখায় থাকেন।

পাসওয়ার্ড বদলানো

পাসওয়ার্ড বদলানোর পাতা
পাসওয়ার্ড বদলানোর পাতা
  1. ওপরের বারে চাবির আইকনে চাপুন।
  2. বর্তমান পাসওয়ার্ড লিখুন, তারপর নতুন পাসওয়ার্ড (কমপক্ষে ৬ অক্ষর) দুইবার লিখুন।
  3. পাসওয়ার্ড পরিবর্তন চাপুন। অন্য সব ফোন/কম্পিউটার থেকে আপনি সাইন আউট হয়ে যাবেন।

পাসওয়ার্ড ভুলে গেলে মালিককে বলুন — তিনি কর্মী পাতা থেকে নতুন পাসওয়ার্ড দিতে পারেন।

নতুন ডিলার: ফ্রি ট্রায়াল খোলা

অ্যাকাউন্ট খোলার পাতা
অ্যাকাউন্ট খোলার পাতা

নতুন ডিলার লগইন পাতার নিচে ডিলার অ্যাকাউন্ট খুলুন চেপে নিজেই অ্যাকাউন্ট খুলতে পারেন:

  1. প্রতিষ্ঠানের নাম (যেমন মাতুয়াইল এলপিজি সেন্টার), প্রথম শাখার নাম (যেমন মাতুয়াইল) আর ঠিকানা লিখুন।
  2. আপনার নাম, মোবাইল নম্বর (এটা দিয়েই লগইন করবেন) আর পাসওয়ার্ড দিন।
  3. অ্যাকাউন্ট খুলুন চাপুন।

৩০ দিনের ফ্রি ট্রায়াল শুরু হয়। প্রচলিত এলপিজি ব্র্যান্ড, সিলিন্ডারের সাইজ আর অ্যাক্সেসরিজ আগে থেকেই যোগ করা থাকে। এরপর প্রতিষ্ঠান সাজানো অধ্যায় ধরে দাম আর শুরুর স্টক দিয়ে বিক্রি শুরু করুন।